ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাখির দেহের আকার জলবায়ু পরিবর্তনের প্রভাবে ছোট হয়ে যাচ্ছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ছোট হয়ে যাচ্ছে পাখির দেহের আকার। এমনকি অ্যামাজন বনের মতো যেসব জায়গায় মানুষ যায় না বললেই চলে, সেখানেও ঘটছে একই ঘটনা। বিগত ৪০ বছর ধরে অ্যামাজনে অপরিযায়ী ৭৭ প্রজাতির ১৫ হাজারের বেশি পাখির ওপর পরীক্ষা চালিয়ে সম্প্রতি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। খবর সিএনএনের।


গবেষণায় দেখা গেছে, ১৯৮০’র দশকের তুলনায় এখনকার প্রায় সব পাখিরই ওজন কম। প্রতি দশকে গড়ে দুই শতাংশ করে ওজন হারিয়েছে তারা।


গত সপ্তাহে জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আশির দশকে যে প্রজাতির পাখির ওজন গড়ে ৩০ গ্রাম ছিল, বর্তমানে তা ২৭ দশমিক ৬ গ্রামের মতো দেখা যাচ্ছে।


গবেষণায় আরও দেখা যায়, সময়ের সঙ্গে প্রায় এক-তৃতীয়াংশ পাখির ডানার দৈর্ঘ্য বড় হয়েছে। এ ধরনের পরিবর্তন উত্তর আমেরিকার পরিযায়ী পাখিদের মধ্যেও দেখা গেছে।


গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি স্কুল অব রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেসের লি এফ. ম্যাসন অধ্যাপক ফিলিপ স্টোফার। তিনি বলেছেন, পাখিদের আকারে সাধারণত তেমন কোনো পার্থক্য থাকে না। এরা অত্যন্ত সুগঠিত। তাই তাদের প্রত্যেকের ওজন যখন কয়েক গ্রাম কম হয়, তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, সন্দেহাতীতভাবে এটি সারা বিশ্বেই ঘটছে এবং শুধু পাখিরাই এর শিকার নয়।


গবেষকদের বিশ্বাস, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রাণীদের মধ্যে এ ধরনের পরিবর্তন ঘটছে। তবে সেটি ঠিক কী প্রক্রিয়ায় হচ্ছে, তা এখনো পরিষ্কার নয়।

ads
ads
ads

Our Facebook Page

↑